সর্বশেষ

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন রাবির সাবেক শিক্ষার্থী

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন রাবির সাবেক শিক্ষার্থী


 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইশতিয়াক মাহমুদ পাঠান নামের প্রাক্তন এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের হতাশাগ্রস্ত স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পাঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোরের আর এন রোডে। পিতা মৃত সৈয়দ আলী পাঠান ও মাতা সৈয়দা আমেনা বেগম। ভাইদের মধ্যে তিনি দ্বিতীয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার পর কোনো একসময় নিজ বাসায় বিষপান করেন বলে জানান পাঠানের চাচাতো ভাই রুশো।

রুশো জানান, ঘটনার পর রুমের দরজা ভেঙে তাকে বের করে আশঙ্কাজনক অবস্থায় প্রথম যশোর প্রিন্স হাসপাতালে, তারপর যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ হওয়ার পর হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া ইশতিয়াক মাহমুদ পাঠানের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:

‘শুভ সকাল
লেখাটা যখন আপনারা পড়বেন, তখন আমি আপনাদের ছেড়ে অনেক দূরের, না-ফেরার দেশের যাত্রী। আমি জানি, আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা আমাকে ভালোবাসেন। হয়তো কোনো কারণ ছাড়াই বাসতেন। খুব বেশি গুরুত্বপূর্ণ ছিলাম না হয়তো কারোর কাছে। তবে ছিলাম তো? আবার অনেকেই আছেন, যারা আমাকে ঘৃণা করতেন। কেন করতেন??’

‘আপনাদের মধ্যেই কেউ একজন আমাকে মাথায় তুলে আবার ছুড়ে ফেলেও দিয়েছেন। তাতেও আমার কারোর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার সমস্যা শুধু আমার নিজেকে নিয়ে। নিজের মনটাকে আর বুঝিয়ে রাখতে পারছিলাম না। মনের সাথে যুদ্ধ করে আমি বারবার হেরে যাচ্ছিলাম। রোজই মৃত্যু আমাকে তাড়া করছিল। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম না সেই কবে থেকে। গত কিছুদিন আমি অসহ্য মানসিক যন্ত্রণা সহ্য করেও বাঁচতে চেয়েছি। ভরপুর বেঁচে থাকার স্বাদ ছিল। সম্ভাব্য সব মানুষের কাছে বেঁচে থাকার আর্জি জানিয়েছি। আমি বারবার বাঁচতে চেয়েছিলাম।
আমি সবসময় একজন সাহিত্যিক হতে চেয়েছিলাম। লর্ড বায়রন, দস্তয়েভস্কির মতো অসাধারণ গল্প, উপন্যাস লিখে পাঠকদের মুগ্ধ করে রাখতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শুধু এই ভয়ংকর লিখাটাই লিখতে পারলাম। আমি সাহিত্য, ছোটগল্প আর কবিতা ভালোবাসতাম। এরপর একদিন?’

‘একদিন আমি একটা মানুষকেও ভালোবেসে ফেললাম। কিন্তু সেদিন বুঝিনি, মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় পাপ। শুধুমাত্র মানুষই ভালোবাসার বদলে ঘৃণা দেয়। মানুষকে ভালোবাসার কারণে পৃথিবীতে মানুষ যে পরিমাণ শাস্তিভোগ করেছে, আর কিছুতে তার অর্ধেকও করেনি। ভালোবেসে কাছে আসার অপরাধে মানুষকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়। বুঝিনি সেই মানুষটার অনুভূতিগুলো মিথ্যা ছিল। প্রেমকে পাপ বানিয়ে ফেলা তার কাছে নৈতিক। কত সহজে সব পিষে দূরে ছুড়ে ফেলল। তার বিশ্বাসের রংও কালো ধোঁয়ায় মোড়ানো ছিল। আমার নিজস্বতা আমি তার মধ্যে হারিয়ে ফেলেছিলাম। সেখান থেকে আর ফিরে আসতে পারিনি। আমি পুরোপুরি বিলীন হয়ে গেলাম। দিনের পর দিন সে আমাকে নিঃস্ব হতে সাহায্য করেছে। এসব কিছুই বুঝিনি আমি। শেষ পর্যন্ত প্রমাণিত হলো আমি কত বোকা!’

যখন বুঝলাম, তখন দেখলাম দুঃখ পেয়েও ভালোবাসা পাওয়া সত্যিই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষের সাথে অন্য একজন মানুষ কত সহজে কি নিষ্ঠুরতা করতে পারে। একটি বিশ্বাস, একটু ভালোবাসা, এমনই সস্তা কোনো জিনিস যে তার প্রতি এত বেশি অবহেলা?’

‘আচ্ছা, মানুষের সাথে মানুষের আচরণ এমন হবে কেন? মানুষ নাকি সৃষ্টির সেরা জীব! কখনো কোনো মানুষকে পরিপূর্ণ ভালোবাসা ঠিক না। তাহলে নিজের জন্য আর একটুও ভালোবাসা অবশিষ্ট থাকে না। পরিপূর্ণভাবে কাউকে ভালোবাসলে পরিপূর্ণ নিঃস্ব হয়ে যেতে হয়। ছোটবেলা থেকেই একটু ভালোবাসা পাবার জন্য লালায়িত ছিলাম। তাই হয়তো অকাতরে অপাত্রে ভালোবাসা দিয়ে গেছি। বিনিময়ে শুধু ঘৃণা পেয়েছি। ভালোবাসা যে কি সেটা শুধু কাউকে পরম ভালোবাসলেই বোঝা যায়।’

‘প্রথমবার এই চিঠি লিখছি এবং শেষবারও। আমায় ক্ষমা করবেন, আমার কথার যদি অর্থ না বোঝেন, তাহলে ধরে নিবেন একটা পাগল-ছাগল লোকের কথা এমনই হয়। আমার জন্ম একটা দুর্ঘটনার মতো। শৈশবের একাকিত্বের অভাব আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। হতে পারে পৃথিবী আমার জন্য কঠিন ছিল। আমি বুঝতে পারছি, আমি ভুল করেছি। সবসময়, সবকিছু পুরোটাই। ভালোবাসা, ঘৃণা, যন্ত্রণা, জীবন, মৃত্যু সবকিছুই বুঝতে হয়তো আমার ভুল হয়েছে। না, আমার বোঝার কোনো তাড়া ছিল না। আসলেই ছিল না। কিন্তু আমাকে সবসময় যন্ত্রণার কাঁটাতারের উপর হাঁটতে হয়েছে। একটা জীবন এত যন্ত্রণার কেন

অসুস্থ আফ্রিদির সেবা করতে চান ভারতীয় অভিনেত্রী

অসুস্থ আফ্রিদির সেবা করতে চান ভারতীয় অভিনেত্রী


 ইনজুরির কারণে চলমান পাকিস্তান সুপার লীগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার এই অসুস্থতার সময় পাশে থেকে তার সেবা করতে চান ভারতের টিভি অভিনেত্রী মাহিকা শর্মা।

আফ্রিদির অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে মাহিকা বলেন, শহীদ আফ্রিদি আমার প্রথম প্রিয় খেলোয়াড়। সব সময় আগ্রহভরে তার খেলা উপভোগ করি। তার অসুস্থতায় আমি খুব হতাশ। এই কঠিন সময়ে আমি যদি তার নার্স হয়ে থাকতে পারতাম তাহলে আমি নিজেই তার যত্ন নিতাম। তিনি শহীদ আফ্রিদির ইনজুরির কথা যখন শুনেছেন, তখনই বেশ মর্মাহত হয়েছেন।

পিএসএলের চলতি মৌসুমে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলা শহীদ আফ্রিদি গত ১৩ ফ্রেব্রুয়ারি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় তিনি বলেন, আমি চেষ্টা করছিলাম যে, এবার আসরটা খুব ভালোভাবে সম্পন্ন করব। কিন্তু পুরনো ইনজুরির কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে।

পিএসএলের চলতি আসরে শহীদ আফ্রিদির দল কোয়েটা গ্লাডিয়েটরস এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পাঁচে অবস্থান করছে। সমান ম্যাচের ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুলতান সুলতান্স। আর ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাহোর কালান্দার্স।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহিকা এভাবেই নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন।

জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য গ্রেফতার

জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য গ্রেফতার


 জয়পুরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে জয়পুরহাট শহরের পূর্ব বাজার বড় মসজিদ এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়।

এ ঘটনায় রিকশার মালিক জয়পুরহাটের সাজ্জাদুল ইসলাম থানায় একটি মামলা করলে পুলিশ দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গা পাড়ার বাসিন্দা সবুজ ইসলাম নামে এক আন্তঃজেলা মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।’

ওসি আরও জানান, এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাসহ বিভিন্ন ধরনের চাবি, কাটার প্লাসসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জয়পুরহাট, বগুড়া, নওগাঁ এবং দিনাজপুর জেলায় একই কায়দায় মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন গ্রেফতার সবুজ ইসলাম।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি

১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি


 নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের জন্য সার্চ কমিটির চতুর্থ বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচটার দিকে বৈঠকটি শুরু হয়।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় শতভাগ নিরপেক্ষ ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন কাজ। তবে তালিকায় থাকা দক্ষ আর বিবেকবান ব্যক্তি বাছাই করাই হবে বড় চ্যালেঞ্জ।

আগামী ২৪ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ১০ জনের নাম পাঠানোর সম্ভাবনা কম বলে জানা গেছে বৈঠক সূত্রে। সেই তালিকা থেকেই নতুন কমিশনের নাম প্রকাশ করা হবে। সার্চ কমিটির মেয়াদ শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে আসা প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।এখানে ক্লিক করুন।

নতুন ইসি গঠনে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বেলা ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের ২৫ বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।

পরের দিন রোববার বিকেলে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে মতামত নিতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। এ দফায় ২৩ জনকে আমন্ত্রণ জানানো হলেও ১৮ জন সাড়া দেন।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে।

ইউক্রেন ছেড়ে পালাচ্ছে ধনীরা ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা জড়ো করে রেখেছে রাশিয়া।

ইউক্রেন ছেড়ে পালাচ্ছে ধনীরা ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা জড়ো করে রেখেছে রাশিয়া।


 ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা জড়ো করে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। হামলার ভীতি ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এমনই পেক্ষাপটে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইউক্রেনের ধনীরা।

দেশ ছেড়ে পালানোর এই তালিকায় আছেন ধনী ব্যবসায়ী এমনকি রাজনীতিকও! ভাড়া করা বিমানে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন এসব ব্যক্তিরা।

ইউক্রেনের গণমাধ্যম ‘ইউক্রেনস্কায়া প্রাভদা’র বরাত দিয়ে সোমবার এ খবর জানায় দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার আশঙ্কায় কূটনীতিকসহ সেখানে বসবাসরত নাগরিকদের ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এস্তোনিয়াসহ ১২টির বেশি পশ্চিমা দেশ। ইতোমধ্যে অনেকে ইউক্রেন ছেড়েছেন। অনেকে আবার দেশটি ত্যাগের প্রস্তুত নিচ্ছেন। কিন্তু বিদেশিদের ইউক্রেন ত্যাগের স্রোতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন উল্লেখযোগ্যসংখ্যক ইউক্রেনীয় নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার অন্তত ২০টি ভাড়াটে বিমান কিয়েভ ছাড়ে। যার সবগুলোই ধনী ব্যবসায়ী ও তাদের পরিবারগুলোর জন্য ‘রিজার্ভ’ ছিল। সংবাদ মাধ্যমটির মতে, গত ছয় বছরে একদিনে এত ধনী দেশ ছাড়েনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ওইদিন দেশ ছেড়েছেন ইউক্রেনের সবচেয়ে ধনী দুই ব্যক্তি রিনাট আখমেতোভ ও ভিক্টর পিনচুকও ছিলেন। এছাড়া জাহাজ ব্যবসায়ী আন্দ্রেই স্তাভনিতসার ও কৃষিপণ্য ব্যবসায়ী ভাদিম নেস্তারেঙ্কোও একই দিনে ইউক্রেন ছেড়ে যান।

এছাড়া একই দিনে ইউক্রেনের রুশপন্থি বিরোধী দল লাইফ পার্টির অন্যতম নেতা ও রাজনীতিক ইগর আব্রামোভিচ পরিবার ও দলের ৫০ সদস্য অস্ট্রিয়া পাড়ি দিয়েছেন। ব্যবসায়ী ও ইউক্রেনের সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস কোলেসনিকোভও একইদিনে কিয়েভ ছাড়েন।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা বিশ্বের দাবি, যে কোনো সময় ইউক্রেনে হামলা শুরু করবে দেশটি। এ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাশিয়া বারবারই এ অভিযোগ অস্বীকার করে বলছে, সামরিক মহড়ার অংশ হিসেবে তারা সেনা মোতায়েন করা হয়েছে। যদিও উত্তেজনা প্রশমনে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে কিছুসংখ্যক সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে: জি এম কাদের

কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে: জি এম কাদের

জি এম কাদের

 জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। জি এম কাদের বলেছেন, সরকারি দলের নেতারা বলে বেড়ান, নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে; কিন্তু সারা দেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে, তা বলতে চান না। বিষয়টি এমন হয়েছে, সরকার চাইলে ভোট সুষ্ঠু হবে, আর না চাইলে হবে না, এটা হতে পারে না। নির্বাচনে কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের তিনটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন। আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ সভা হয়।

জি এম কাদের আরও বলেন, দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। ১৯৯১ সালের পর থেকে দল দুটি বারবার রাষ্ট্রক্ষমতায় এসে সুবিধামতো সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র ধ্বংস করেছে। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে। ১৯৯১ সালে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা ছেড়ে দেওয়ার পর বিএনপি এসে দেশের আরও ক্ষতি করেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির পর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে রাজনৈতিক অবস্থা আরও খারাপ করেছে। এভাবেই আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। এ কারণেই আওয়ামী লীগ ও বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় অনেকটাই গণতন্ত্র ছিল, কিন্তু সংসদীয় গণতন্ত্রের নামে যা চলছে, তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না। এখন কর্তৃত্ববাদী শাসনে দেশের মানুষ অতিষ্ঠ।

জি এম কাদের আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদাসম্পন্ন নেতা-কর্মীরাই এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেকেই যোগাযোগ রাখছেন, তাঁরাও জাতীয় পার্টিতে যোগ দেবেন। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা জাতীয় পার্টিকে আবার রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক বলেছেন, দলে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় মানুষ যোগ দেবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি হাড্ডাহাড্ডি লড়াই করবে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা মনিরুল ইসলাম, উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, যুগ্ম মহাসচিব জসিম উদ্দীন ভূঁইয়া প্রমুখ।

জার্মানি থেকে চাদর কেনার খবরে যা জানাল বাংলাদেশ পুলিশ পুলিশ বাহিনীর

জার্মানি থেকে চাদর কেনার খবরে যা জানাল বাংলাদেশ পুলিশ পুলিশ বাহিনীর

পুলিশ বাহিনীর সদস্যদের জন্য বালিশের ডাবল কাভারসহ এক লাখ বিছানার চাদর কিনতে আইজিপি ড. বেনজীর আহমেদসহ তিন কর্মকর্তার জার্মানি যাচ্ছেন, এই খবরটি সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।

 বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।


সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বাহিনীর জন্য জার্মানি হতে ১ লাখ চাদর ক্রয় করার লক্ষ্যে আইজিপি জার্মানি সফর করছেন মর্মে একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত সত্য এই যে, পুলিশ বাহিনী জার্মানি হতে বালিশের কাভারসহ বিছানা চাদর ক্রয় করছে না। তাছাড়া, জার্মানি বিছানা চাদর উৎপাদন ও রফতানিকারক কোনো দেশ নয়, তারা ভারী শিল্পের দেশ।

সঙ্গত কারণে আইজিপি মহোদয়ের চাদর, বালিশের কাভার ক্রয়ের জন্য জার্মানি গমনের কোনো অবকাশ নেই। তাছাড়া, গণক্রয় আইন অনুযায়ী সরকারি ক্রয় কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময়ই স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার ক্রয় করে থাকে। চলতি বৎসরেও অনুরূপভাবে বাংলাদেশ পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রাথমিকভাবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি সরকারি আদেশে অসাবধানতাবশত সৃষ্ট ভাষাগত বিভ্রাট প্রসূত তথ্যগত বিভ্রান্তির কারণে স্যোশাল মিডিয়াতে একটি অপপ্রচারকারী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি গুজব আকারে ছড়িয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে।

এ বিজ্ঞপ্তির পর এ সংক্রান্ত সকল বিভ্রান্তির নিরসন হবে বলেও বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করেছে পুলিশ সদর দফতর।